ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও আছে পাকিস্তানের হাতে

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি দাবি করেছেন, গত মে মাসে ভারত–পাকিস্তান সংঘাতে পাকিস্তানি বাহিনী যে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছিল, তার ভিডিও ফুটেজ তাঁদের হাতে রয়েছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান অভিযোগ অস্বীকার করে। এর পর ৬ মে থেকে দুই দেশের মধ্যে চার দিন ধরে আকাশযুদ্ধ চলে।

পাকিস্তান সে সময় দাবি করে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে ফরাসি রাফালও রয়েছে। তবে ভারতের সর্বোচ্চ সামরিক নেতৃত্ব ওই দাবি অস্বীকার করে।

রোববার লাহোরে এক সেমিনারে নাকভি বলেন, যুদ্ধের সময়ে সেনা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আগে থেকেই ভারতের পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল। “যখন ভারতীয় বিমানগুলো ভূপাতিত হয়, তখনই প্রমাণ ছাড়া প্রকাশ না করার সিদ্ধান্ত হয়। কয়েক মিনিটের মধ্যেই আমরা ওই ছয়টি বিমানের ভিডিও ফুটেজ হাতে পাই,” বলেন নাকভি।

তিনি আরও জানান, ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি ঘাঁটিতে আঘাত হানলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি মাত্র ঘাঁটিতে বিমানবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের একটি বড় তেলের ডিপো ধ্বংস করেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছিলেন যে এই যুদ্ধে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যদিও তিনি কোন পক্ষের বিমান সেটি স্পষ্ট করেননি।

All Categories