ভারতের চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের
মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে চাল ও কানাডা থেকে সার আমদানির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
শুক্রবার ওয়াশিংটনে ১ হাজার ২০০ কোটি ডলারের কৃষি প্রণোদনা ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশীয় পণ্য, কৃষি ও শিল্পকে রক্ষা করাও শুল্কনীতির উদ্দেশ্য। মার্কিন কৃষকরা দেশের মেরুদণ্ড।’
ট্রাম্পের দাবি, ভারতীয় চালের আমদানি মার্কিন বাজারে প্রতিযোগিতা বাড়াচ্ছে। একইভাবে কানাডার সার আমদানির কারণে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিস্থিতি বুঝে নতুন শুল্ক আরোপে তার প্রশাসন প্রস্তুত।
এর আগে চলতি বছরের ২ এপ্রিল বিশ্বের ১০০–এর বেশি দেশের রপ্তানি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় ভারত ও কানাডাও ছিল।
ভারতের কিছু পণ্যের ওপর ইতিমধ্যে শুল্ক শিথিল করা হয়েছে, যেমন—গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ, আদা ও বিভিন্ন চা। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর শুল্ক এখনো বহাল আছে।