ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে ঢাকার শেয়ারবাজারে বড় ধস

ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের শেয়ারবাজারে। বুধবার (৭ মে) সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই বড় ধরনের পতনের মুখে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমে যায়। প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্যাপক বিক্রির চাপ দেখা দেয়। পাশাপাশি ডিএসইএস সূচক কমে ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, এবং ডিএস৩০ সূচক কমেছে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে এনআরবি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। তবে সামগ্রিক চিত্র ছিল হতাশাজনক।

লেনদেন শুরুর সময় মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে দর কমেছে ৩৩৪টির, এবং ১৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। ফলে অনেকেই বিনিয়োগ থেকে সরে এসে অপেক্ষাকৃত নিরাপদ খাতে সরে যেতে শুরু করেছেন, যার ফলে বাজারে হঠাৎ এই ধস দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে। তারা বিনিয়োগকারীদের উদ্দেশে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সতর্ক করেছেন যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে এই অস্থিরতা চলতেই পারে।

All Categories