উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ সৈয়দুল করিম (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য দুজন পালিয়ে যায়।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক সি/৯ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ক্যাম্পের ব্লক সি/৯ এলাকায় মোহাম্মদ আলমের চায়ের দোকানের সামনে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সৈয়দুলকে আটক করা হয়। এ সময় অন্য দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক সৈয়দুল করিম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের ব্লক ডি/বি এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর মোহাম্মদ। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাতক দুজন হলেন ক্যাম্প-১ ওয়েস্টের ব্লক এ/১৩-এর বাসিন্দা আনিসুল মোস্তফার ছেলে জাহাঙ্গীর (২৮) এবং একই ক্যাম্পের ব্লক এফ/৩-এর বাসিন্দা মো. হোসেনের ছেলে আইয়ুব (১৯)।

এ ঘটনায় লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. ইয়ামিন সুমন বাদী হয়ে আটক ব্যক্তি ও পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন।

পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন।

All Categories