উখিয়ায় গ্যাসের আগুন নেভাতে ২০ ইঞ্চি পাইপ বসানো হবে

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ভূগর্ভস্থ গ্যাসে আগুন নিয়ন্ত্রণে ২০ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

পাইপের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে পরে বিশেষ রাসায়নিক এবং সিমেন্ট মিশ্রিত কাদা ব্যবহার করে গ্যাসের স্রোত বন্ধ করার পরিকল্পনা রয়েছে।

শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানান, দীর্ঘ ১৫ দিন আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর এখন তা নিয়ন্ত্রণে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ কাজ বাপেক্স পরিচালনা করবে। এছাড়া বুয়েটের একজন অধ্যাপক ও বাপেক্সের ড্রিলিং বিশেষজ্ঞরা সরঞ্জাম বসানোর পদ্ধতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুয়েটের সহযোগী অধ্যাপক শাহরিয়ার মাহমুদ বলেন, ২০ ইঞ্চি ব্যাসের পাইপ গ্যাসের মুখে বসানো হবে, যার মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর কাদা দিয়ে গ্যাস বের হওয়া বন্ধ করার কাজ করা হবে। সরঞ্জাম বসানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরও ১৫ থেকে ২০টি ট্রাক সরঞ্জাম আনতে হবে। কাজ সফল হলে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসতে পারে, তবে এটি কাজের সাফল্যের ওপর নির্ভর করবে।

আগুন নেভানোর পর সেখানে গ্যাস মজুত এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে বলে জানান অধ্যাপক শাহরিয়ার। তিনি জানান, গ্যাসের পরিমাণ ও বাণিজ্যিক উত্তোলনের যোগ্যতা নিশ্চিত করতে ভূতাত্ত্বিক পরীক্ষা ও সিসমিক জরিপের প্রয়োজন হবে। সম্ভাবনা থাকলে নতুন কূপ খনন করা হতে পারে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, বর্তমানে ছয় ইঞ্চি ব্যাসের ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ায় তা সরাসরি উপযোগী নয়। গ্যাস মজুত ও উৎপাদন সম্ভাবনা নিরুপণের জন্য আরও পরীক্ষা প্রয়োজন। তবে প্রথমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস ও পানি বের হতে শুরু করে এবং পরে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকেই আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

এই ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলা ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার স্বার্থে উপজেলা প্রশাসন ওই এলাকায় ২০০ মিটার ব্যাসার্ধে ১৪৪ ধারা জারি করে প্রবেশ নিয়ন্ত্রণে বেড়া নির্মাণ করেছে।

All Categories