বাণিজ্যমন্ত্রী: 'শেখ হাসিনার দেশে আগমনে কেন ১৬ ডিসেম্বর নির্ধারণ?'
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তারা চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসুন এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক। তিনি প্রশ্ন তোলেন, ‘‘এতো দেরি কেন? আসার আগে কী সমস্যা ছিল? কেন ১৬ ডিসেম্বর আসার দিন নির্ধারণ করলেন?’’
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, ‘‘শেখ হাসিনা এই দেশের নাগরিক, তিনি দেশের বাইরে যাওয়ার কারণ নিজেই ব্যাখ্যা করা উচিত। তিনি হয়তো দেশের মানুষের প্রতিক্রিয়া দেখে আতঙ্কিত হয়ে চলে গিয়েছিলেন। আমরা চাই তিনি দ্রুত দেশে ফিরুন। আইন অনুযায়ী তার অধিকার রক্ষা করা হবে।’'
সরকারি মালিকানাধীন শিল্পকারখানার পুনরুজ্জীবন নিয়ে মন্ত্রী জানান, অধিকাংশ কারখানার আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী বছরের শুরু থেকে দরপত্র আহ্বানের কাজ শুরু হবে। প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃস্থাপন হলে কর্মসংস্থান বাড়বে।’’ তিনি জ্বালানি সরবরাহ, কৃষি খাতে ঋণ বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার কথাও বলেন।
এছাড়া, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ, খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যা সমাধান এবং কলেজকে শাবির অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের কথা জানান। ভবিষ্যতে কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মন্ত্রী হজরত শাহপরাণ (রহ.) মাজার রোড থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন ও অন্যান্য নির্মাণ কাজের উদ্বোধন করেন।