সেপ্টিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, আরও দুইজন অসুস্থ সাতক্ষীরায়

সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকে নামার পর দুইজনের মৃত্যু হয়েছে, পাশাপাশি আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার রাবেয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন তারালী গ্রামের সোনা সরকারের ছেলে মহানন্দ সরকার (৪২) ও মনিরুজ্জামান পাড়ের ছেলে আরাফাত হোসেন (১৪)।

স্থানীয় রেকনুজ্জামানের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাবেয়া গ্রামের আরিফুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক মেরামতের জন্য মহানন্দ সরকার নামেন। পরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আরাফাত তাকে উদ্ধার করতে ট্যাংকের মধ্যে প্রবেশ করেন। অক্সিজেনের ঘাটতির কারণে দুজনই মারা যান বলে ধারণা করা হচ্ছে।

তাদের উদ্ধার করতে গেলে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও স্থানীয় বাসিন্দা জামাল হোসেন অসুস্থ হন। উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জামাল হোসেন বর্তমানে সুস্থ, তবে গোলাম হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে এবং অপমৃত্যু মামলা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

All Categories