মজুরি বোর্ডে মালিক-শ্রমিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে
নিম্নতম মজুরি নির্ধারণের জন্য মালিক ও শ্রমিক পক্ষের প্রস্তাব নিয়ে এখনো মজুরি বোর্ডে আলোচনা চলছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি আশা প্রকাশ করেছেন, আজকের মধ্যে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
মঙ্গলবার বিকেলে মজুরি বোর্ডের চতুর্থ সভার চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান। তিনি জানান, শ্রমিকপক্ষ সর্বনিম্ন ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে, অন্যদিকে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।
সভায় উভয় পক্ষের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তথ্য-উপাত্ত এবং যুক্তি উপস্থাপন করেছেন। বর্তমান আলোচনায় কোনো বাহ্যিক বাধা না থাকলে আজই মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে জানান তিনি।
শ্রমিকরা প্রথম ধাপে ৩২ হাজার টাকা, দ্বিতীয় ধাপে ২৫ হাজার ও তৃতীয় ধাপে ২২ হাজার টাকার প্রস্তাব দিয়েছে। মালিকপক্ষ প্রথম ও দ্বিতীয় ধাপে যথাক্রমে ১৫ হাজার এবং ১৫ হাজার ৫০০ টাকার প্রস্তাব দিয়েছিল।