মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে বৃহস্পতিবার, ১১২ জন কর্মী বিনামূল্যে যাচ্ছেন
আড়াই বছরের বিরতির পর আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি পুনরায় শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন প্রথম ফ্লাইটটি উদ্বোধন করবেন, যেখানে বিনা খরচে মালয়েশিয়ায় যাত্রা করবেন ১১২ জন কর্মী।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে তারা কুয়ালা লামপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজ শুরু করবেন, যার সব যাতায়াত ও আনুষঙ্গিক খরচ নিয়োগকর্তা বহন করবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, “মালয়েশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রথমবারের মতো লটারির মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচন করা হয়েছে। এটি বোয়েসেলের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রতীক।”
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে, যাদের বাছাই করা হচ্ছে লটারির মাধ্যমে।
২০২২ থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ পেয়েছিলেন। কিন্তু সিন্ডিকেট, অতিরিক্ত খরচ, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের কারণে ২০২৪ সালের জুন থেকে সেখানে শ্রমিক নিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল।
এর আগেও ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ ও ২০১৯-২০২২ সালের মধ্যে একই ধরনের অভিযোগের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা হয়েছিল।