ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে ভবিষ্যতে ফ্লাইট পরিচালনা সংক্রান্ত তথ্য সময়মতো জানানো হবে।
বিমান বাংলাদেশ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকলেও ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।
রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীরা আসন খালি থাকলে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবের যাত্রা চালিয়ে যেতে পারবেন বলে সংস্থাটি জানিয়েছে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।