ঢাবির দুই শিক্ষক বরখাস্ত, সাবেক উপাচার্যকে সাতদিনে হাজিরের নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অনুমতি ছাড়াই দেশের বাইরে থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নি কর্মস্থলে না ফেরায় তাদের সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভায় সোমবার রাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের ব্যাপারে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে ওবায়দুল ইসলাম বলেন, “তাদের অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবগত নয়, তাই সিন্ডিকেট তাদের সাত কর্মদিবসের মধ্যে রেজিস্টারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।”
অন্যদিকে, উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই মাসের অভ্যুত্থান, শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তদন্তের পর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার সুপারিশ করেছে।