অর্থমন্ত্রী: সাংবাদিকদের কাজ সরকারের ভুল তুলে ধরা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ভুলত্রুটি চিহ্নিত করা সাংবাদিকদের মৌলিক দায়িত্ব। তিনি বলেন, ‘‘খোলামেলা শাসনের জন্য পারস্পরিক আস্থা ও সম্পর্ক অপরিহার্য। সরকার যদি স্মার্ট রাজনীতি করতে চায়, তবে সাংবাদিকদের সমালোচনা কাজে লাগানো উচিত।’’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও নগদের যৌথ আয়োজনে মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফেরানোর একটি বিশেষ উদ্যোগ। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রদত্ত এই পুরস্কার সাংবাদিকতায় গুণগত পরিবর্তন এবং মানোন্নয়নের পথপ্রদর্শক হবে।’’

তিনি বলেন, ‘‘অনেক সাংবাদিক সমাজে সৎ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। তারা সত্য তুলে ধরে জনগণকে তথ্য দেয় এবং রাষ্ট্রের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে দিকনির্দেশনা দেন। আজকের পুরস্কারটি সাংবাদিকতার প্রশ্নবিদ্ধ দিক থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ সোপান।’’

তিনি আরও বলেন, ‘‘অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি সিটিজেন জার্নালিজমের প্রসারে মিডিয়ার বিস্তার বেড়েছে, যা সাংবাদিকতার কাজকে আরও জটিল করেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাবও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দেওয়া আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। তাই সাংবাদিকতাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলা সময়ের দাবি।’’

অর্থমন্ত্রী বলেন, ‘‘মন্ত্রণালয় ও সরকার হিসেবে আমার কাছে স্বাধীন সাংবাদিক ফিডব্যাক অত্যন্ত প্রয়োজন, যদিও আমার নিজস্ব ও দলীয় ফিডব্যাক রয়েছে। একইসঙ্গে সাংবাদিকদেরও নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সততা বজায় রাখতে হবে। দেশের উন্নয়নে রাজনীতিবিদ ও সাংবাদিকদের একসঙ্গে বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে।’’

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।

All Categories