নতুন মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ইরানি রিয়ালের মূল্যপতন
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন আর্থিক নিষেধাজ্ঞার একদিন পর মঙ্গলবার মার্কিন ডলারের তুলনায় ইরানি রিয়ালের দাম ব্যাপকভাবে কমে গেছে। এই নিষেধাজ্ঞা ইরানের বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য ব্যবহৃত আর্থিক নেটওয়ার্ককে লক্ষ্য করেছে।
স্থানীয় অর্থনৈতিক পর্যবেক্ষক সংস্থা আলানচাঁদ জানিয়েছে, তেহরানের খোলা বাজারে প্রতি ডলারের বিনিময়ে রিয়ালের দাম ২৮ লাখ ৫৬ হাজার রিয়াল বা ২ লাখ ৮৫ হাজার ৬০০ তোমানে পৌঁছেছে। অন্য একটি পর্যবেক্ষক সংস্থা পাশিজির তথ্য অনুযায়ী, বিক্রয়মূল্য ছিল ২৮ লাখ ৪৮ হাজার রিয়াল।
সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কের অংশ হিসেবে ২০টির বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নেটওয়ার্কটি ইরানি সংস্থাগুলোকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে লেনদেন এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহে সাহায্য করে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরান কারেন্সি অ্যান্ড গোল্ড এক্সচেঞ্জ সেন্টারও। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেছেন, এই কেন্দ্রটি মূলত লেনদেন নিবন্ধনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
অর্থনৈতিক মন্দার মধ্যে এই রিয়ালের দরপতন ঘটেছে। ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্যানুযায়ী, গত অক্টোবর মাসে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ৮৮.৭ শতাংশে পৌঁছেছে। একই সময়ে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৭৬.৮ শতাংশ, আর খাদ্য, পানীয় ও তামাকের দাম আগের বছরের একই মাসের তুলনায় ১১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।