পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দায় ইসরায়েলি শীর্ষ নেতারা
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আইজ্যাক আমিত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদি উগ্রপন্থীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এই হামলাগুলোকে ঈশ্বরের সম্মানহানিসহ জায়নবাদী আদর্শের জন্যও হুমকি হিসেবে দেখেন।
জেরুজালেমে অনুষ্ঠিত ইএলনেট সম্মেলনে হারজগ বলেন, “পশ্চিম তীরসহ দেশের বিভিন্ন স্থানে নিরীহ ফিলিস্তিনি লোকজনের ওপর ইহুদি উগ্রগোষ্ঠীর সহিংসতা সম্পূর্ণভাবে নিন্দনীয়।” তিনি বলেন, “এ ধরনের ঘটনা শুধু মানুষের ওপর আঘাত নয়, এটি আমাদের নৈতিকতা, জাতিগত ইতিহাস এবং ঈশ্বরের সম্মানকে ক্ষুণœ করে এবং এগুলো কখনোই ইসরায়েলের প্রতিনিধিত্ব করে না।”
হারজগ আরও বলেন, “আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই সহিংসতা বন্ধে কঠোরভাবে কাজ করছে এবং যারা জড়িত তাদের গ্রেপ্তার, তদন্ত ও বিচারের আওতায় আনা হবে।” অন্যদিকে, বুরকা গ্রামের ফিলিস্তিনি বাসিন্দারা অবৈধ বসতি থেকে আসা উগ্রপন্থীদের হামলার বিরুদ্ধে দ্রুত আইনি হস্তক্ষেপ চান। এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমিত প্রশ্ন তুলেছেন, নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে কি না।
আমিত বলেন, “বসতি স্থাপনকারীদের সহিংসতা ইহুদি মূল্যবোধ এবং জায়নবাদকে বিপন্ন করছে।” তিনি এই হামলাগুলোকে পরিকল্পিত ও ধারাবাহিক উল্লেখ করে বলেন, “দাঙ্গাকারীরা ফিলিস্তিনিদের বাড়ি এবং জমি তছনছ করছে, পশু হত্যা, অগ্নিসংযোগ ও বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করছে।” তিনি সতর্ক করেছেন, এই সহিংসতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়াচ্ছে এবং ইহুদিবিদ্বেষকে জোরদার করছে।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, এই সহিংসতা জায়নবাদী স্বপ্নের মূল নীতির বিপরীত। আমিত বলেন, “এ ধরনের আচরণ ঈশ্বরের নামের অবমাননা এবং ইহুদি নৈতিকতার পরিপন্থী।” তিনি আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বুরকার বাসিন্দাদের সুরক্ষার ব্যাপারে সরকারের পদক্ষেপ জানাতে নির্দেশ দিয়েছেন।
হারজগও অতীতেই বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে সতর্ক করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, “যদি দৃশ্যমান আইন প্রয়োগ না থাকে তাহলে দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে।”