২৭ নভেম্বর রাইজ অ্যাবাভ অল ১০ আয়োজিত হবে খামারবাড়িতে
প্রায় এক দশক আগে শুরু হওয়া রাইজ অ্যাবাভ অল ১০-তম আসর ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মঞ্চটি দেশের তরুণদের জন্য পরিচিত একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা ও পুনরুত্থানের গল্প শোনা যায়।
রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই আয়োজন। ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালট্যান্সি এবারও আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে।
দিনব্যাপী বিভিন্ন খাতের করপোরেট ও নেতৃস্থানীয় ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। বক্তাদের মধ্যে আছেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের এমডি ফারিয়া ইয়াসমিন, ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান, একমি ল্যাবরেটরিজের এমডি তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের এমডি হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের এমডি সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।
এছাড়া, বাংলাদেশে নিযুক্ত তুর্কি বংশোদ্ভূত ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ এবং অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাবিলা নূর উপস্থিত থাকবেন। দিনশেষে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ তাদের সঙ্গীত পরিবেশন করবে।