উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি ব্যাখ্যা করে অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন খ্যাতনামা অর্থনীতিবিদ—জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ এবং পিটার হাউইট। উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর টেকসই কাঠামো ব্যাখ্যার জন্য তাঁদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, তাঁদের গবেষণা আধুনিক অর্থনীতির একটি মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছে—কেন কিছু সমাজ স্থবির থাকে, আর কিছু সমাজ উদ্ভাবনের মাধ্যমে ক্রমাগত এগিয়ে যায়?
পুরস্কারের মোট মূল্যমান ১২ লাখ মার্কিন ডলার। এর অর্ধেক পেয়েছেন জোয়েল মোকির। তিনি তাঁর গবেষণায় দেখিয়েছেন, প্রযুক্তিগত অগ্রগতি কীভাবে টেকসই প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করে এবং ইতিহাসের কোন সময় থেকে এই প্রক্রিয়া নিয়মিতভাবে শুরু হয়।
বাকি অর্ধেক ভাগাভাগি করেছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। তাঁরা তাঁদের বিখ্যাত তত্ত্ব ‘সৃজনশীল বিনাশ’ (Creative Destruction)–এর মাধ্যমে ব্যাখ্যা করেছেন—নতুন উদ্ভাবন যখন বাজারে আসে, তখন পুরোনো পণ্য ও প্রযুক্তি ধীরে ধীরে বিলুপ্ত হয়, আর এর মধ্য দিয়েই গড়ে ওঠে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ।
নোবেল কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে,“এই গবেষণা আমাদের মনে করিয়ে দেয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি কখনোই স্বয়ংক্রিয় বা নিশ্চিত নয়। ইতিহাসের দীর্ঘ সময়জুড়ে স্থবিরতাই ছিল স্বাভাবিক অবস্থা। প্রবৃদ্ধিকে ধরে রাখতে উদ্ভাবনের ধারাকে টিকিয়ে রাখা এবং সম্ভাব্য বাধা মোকাবিলা করাই জরুরি।”
১৯৯২ সালের একটি গাণিতিক মডেলে আগিয়োঁ ও হাউইট দেখিয়েছিলেন, কীভাবে নতুন ও উন্নত পণ্যের আগমনে পুরোনো প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হয়—যা অর্থনীতিতে পরিচিত ‘সৃজনশীল বিনাশ’ নামে, এবং যা প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত।