Jul 02, 2025
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেক পারভেজ-তানভীরের

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেক পারভেজ-তানভীরের

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে ওয়ানডে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের—টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের। ইনজুরি ও কৌশলগত কারণে একাদশে জায়গা হয়নি লেগস্পিনার রিশাদ হোসেনের।

ম্যাচের আগের দিন পেটের সমস্যায় ভোগেন রিশাদ। পরে সুস্থ হলেও আজ ম্যাচ শুরুর আগে ফিটনেস টেস্টে শতভাগ না থাকায় তাঁকে একাদশে রাখা হয়নি। তাঁর পরিবর্তেই সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম।

টপ অর্ডারে জায়গা পেয়েছেন পারভেজ ইমন। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কিছুটা রান পাওয়ার পাশাপাশি ঘরোয়া মৌসুমেও ছন্দে ছিলেন বাঁহাতি এই ওপেনার।

বাংলাদেশের ওয়ানডে একাদশে আরও একটি পরিবর্তন হয়েছে। দীর্ঘ সময় পর দলে ফেরা নাঈম শেখকে রাখা হয়নি। ব্যাটিং লাইনআপে আজও আছেন শান্ত, লিটন, হৃদয়, জাকের আলীরা।

শ্রীলঙ্কার একাদশেও অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের। টেস্টে খেলা এই পেসার চোট কাটিয়ে ফিরেছেন ওয়ানডে দলে। পেস আক্রমণে তাঁর সঙ্গে রয়েছেন আসিথা ফার্নান্দো ও এসান মালিঙ্গা। স্পিনে থাকছেন থিকসানা ও হাসারাঙ্গা।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আশালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

All Categories