ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনের সাগর এলাকা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন জেলে অপহৃত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিক সমিতির অভিযোগ, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা এ অপহরণের সঙ্গে জড়িত। তারা অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের বাংলাদেশ জলসীমানা থেকে ধরে নিয়ে গেছেন বলে জানা গেছে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেদের মধ্যে। আরও দুটি মাছ ধরার নৌকা নিখোঁজ রয়েছে, তবে সেগুলোকে অপহরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমানায় মাছ ধরার সময় হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশে প্রবেশ করে, অস্ত্রের মুখে জিম্মি করে ১১ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, এ বিষয়ে আমি শুনেছি, তবে কোন ঘাটের ট্রলার ছিল তা নিশ্চিত নয়। এছাড়া আরাকান আর্মি আমার এলাকার কিছু নৌকাকে ধাওয়া করেছিল।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানিয়েছেন, এই বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অপহৃত জেলেদের উদ্ধার করতে কাজ করছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করা হচ্ছে, দ্রুত জেলেদের ফেরত আনার চেষ্টা করা হবে।
স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল কায়েছ বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে, এবং এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। যদি এটি সমাধান না হয়, তাহলে জেলেরা মাছ শিকারে যেতে সাহস করবে না।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন, যাতে স্থানীয় জেলেরা নিরাপদে মাছ শিকার করতে পারে।