বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল একাডেমি গড়ার উদ্যোগে এএফএ
বাংলাদেশে একটি আর্জেন্টাইন ফুটবল একাডেমি গঠন করার সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এশিয়ায় তাদের প্রশিক্ষণ পদ্ধতি সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা বাড়াতে তারা কাজ করতে ইচ্ছুক। এই উদ্দেশ্যে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে।
একাডেমি প্রতিষ্ঠার কাজ বাস্তবায়নে তারা স্থানীয় বিনিয়োগকারী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এরই অংশ হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাফুফের সহযোগিতায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি, খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রস্তুতির কৌশল তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। উপস্থিত ছিলেন এএফএর কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস, এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নিকোলাস আর্জেন্টিনার খেলোয়াড় তৈরির দর্শন ব্যাখ্যা করে বলেন, ছোটবেলা থেকেই প্রতিভা শনাক্ত করে পরবর্তী ধাপে উন্নয়নের জন্য প্রস্তুত করা হয়। শুধু মাঠের দক্ষতা নয়, ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকার ফুটবল সংস্কৃতি এবং বিভিন্ন বাজারের চাহিদার ব্যাপারেও খেলোয়াড়দের পরিচিত করানো হয়। তিনি বলেন, “আমরা প্রতিভা খুঁজে বের করি এবং তাদের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত করি। ইউরোপের বাজারের চাহিদার সঙ্গে আমাদের কাজের সমন্বয় করি।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় ১০ নম্বর জার্সির খেলোয়াড়দের গুরুত্ব দিই। তাদের স্বাভাবিক প্রতিভার সঙ্গে দক্ষতার সমন্বয় ঘটানোর চেষ্টা করি। আমাদের তিনজন ১০ নম্বর খেলোয়াড় সারা বিশ্বে আর্জেন্টিনার খ্যাতি বহন করেছেন।”
রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল প্রতিনিধিদলের আগমনকে ইতিবাচক হিসেবে দেখেন। তিনি বলেন, “আমি খুব খুশি যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। আমরা যেভাবে কাজ করি, তারা সেটি তুলে ধরার চেষ্টা করেছে। ফুটবলকে আমরা শুধু বিনোদন হিসেবে নয়, একটি খেলা হিসেবেও দেখি। আশা করি, এই উদ্যোগ বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহায়ক হবে।”
সেমিনারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সহসভাপতি ফাহাদ করিম এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও উপস্থিত ছিলেন।