ট্রাম্পের সমালোচনার পর ইউক্রেনে রাশিয়ার রেকর্ড ড্রোন হামলা

ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে ভ্লাদিমির পুতিনের সমালোচনা শোনার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটিকে ইউক্রেনের ওপর রাশিয়ার এযাবৎকালের সবচেয়ে বড় আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চলা হামলায় রাশিয়া ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের বিভিন্ন শহর ছিল এই আক্রমণের লক্ষ্যবস্তু।

জেলেনস্কি বলেন, ‘এটা রাশিয়ার সবচেয়ে বড় হামলা। এই হামলা এমন এক সময় চালানো হলো, যখন যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক অঙ্গনে নানা উদ্যোগ চলছিল। রাশিয়া আবারও সে প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করল। 

এর আগে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ভ্লাদিমির পুতিন সব সময় আমাদের সঙ্গে ভালো ছিলেন। কিন্তু এখন যা করছেন, তা সম্পূর্ণ অর্থহীন।’ ট্রাম্পের এই বক্তব্যের পরপরই রাশিয়ার এই আক্রমণ ঘটে।

এই বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ট্রাম্প সাধারণত কর্কশ ভাষায় কথা বলেন। এসব নিয়ে আমাদের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই।

সম্প্রতি ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপও হয়েছে। তবে যুদ্ধ থামানো নিয়ে কোনো অগ্রগতি হয়নি। ফোনালাপের পর ট্রাম্প মন্তব্য করেন, ‘তিনি (পুতিন) কেবল মানুষ হত্যায় আগ্রহী। এটা ভালো কিছু নয়।

ট্রাম্প প্রশাসনের সময় ইউক্রেনে সাময়িকভাবে সামরিক সহায়তা স্থগিত থাকলেও বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে। ইউক্রেন শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে।

রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। রাজধানী কিয়েভ ছাড়াও পূর্বাঞ্চলীয় শহরগুলো নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

All Categories