সুনামগঞ্জে জমির পানি ও মাছ নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, একজনের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমির পানি সেচ এবং মাছ ধরা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে মতিউর রহমান (৫০) নামে একজন প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেতায়েদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিউর ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আগের দিন সোমবার দুপুরে গ্রামের আলমগীর ও কাশেমের মধ্যে জমিতে পানি সেচ ও মাছ ধরা নিয়ে কথা-কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি হন।

সংঘর্ষের সময় সুলফির আঘাতে আলমগীরের পক্ষের মতিউর গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মুজিবুর (৩৮) ও আতাউর (৫০)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, মতিউরকে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক বিন আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

All Categories