১৫ বছরে ৩৮ খুনের অভিযোগে উগান্ডায় গ্রেপ্তার সন্দেহভাজন মুজুরিজি মোসেস

উগান্ডার নিরাপত্তা বাহিনী মুজুরিজি মোসেস নামের এক ব্যক্তিকে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, পনেরো বছরের ব্যবধানে তিনি অন্তত ৩৮ জনকে হত্যা করেছেন।

অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এক্স-এ দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের খবর জানান উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। তিনি মোসেসকে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর খুনিদের একজন বলে বর্ণনা করেন এবং প্রকাশ্য বিচারের কথা জানান।

তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হত্যাগুলো সুপরিকল্পিতভাবে চালানো হয়েছিল। অনেক সময় একটি পরিবারের সবাইকেই নিশানা করা হতো। অভিযোগ আছে, রাতে ধারালো অস্ত্র হাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত বাসিন্দাদের ওপর হামলা চালানো হতো।

এক ঘটনায় পেন্টেকস্টাল ধর্মযাজকের পরিবারের সদস্যদের খুন করার অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রেমের সম্পর্কের টোপ দিয়ে মানুষকে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এর আগেও কয়েক দফা ধরা পড়লেও প্রতিবার তিনি পালিয়ে যান কিংবা ছাড়া পেয়ে যান বলে জানা গেছে।

এবারের গ্রেপ্তারের পর পুরোনো খুনের ঘটনা ও দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা মানুষদের সঙ্গে মোসেসের কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

All Categories