ট্রাম্পের ডিনার আয়োজনে বন্দুকধারীর পরিচয় শনাক্ত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হোটেলের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। অনুষ্ঠানে উপস্থিত থাকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই ঐতিহ্যবাহী নৈশভোজ চলাকালে হঠাৎ বাইরে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে সিক্রেট সার্ভিস সদস্যরা তৎপর হয়ে ওঠেন এবং ট্রাম্প ও ভ্যান্সসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
হামলাকারীর পরিচয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়া থেকে আসা এক পুরুষ।
এদিকে ডানপন্থী কলামিস্ট ক্যারল মার্কোউইজ এবং ভাষ্যকার লরা লুমার সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন (৩১)। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তবে এই তথ্যের সত্যতা এখনো কোনো সরকারি সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
আতঙ্কিত ২ হাজার অতিথি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্যমতে, অনুষ্ঠান চলাকালে হোটেলের বাইরে পাঁচ থেকে আট রাউন্ড গুলির শব্দ শোনা যায়। সেই সময় হোটেলের ভেতরে সাংবাদিক, রাজনীতিক ও সেলিব্রেটিসহ প্রায় ২ হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন।
মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, গুলির শব্দ পাওয়ার পরপরই তাকে দ্রুত হলরুম থেকে বের করে নেওয়া হয়। এরপরই পুরো হোটেলের নিয়ন্ত্রণ নেয় সিক্রেট সার্ভিস। তিনি আরও জানান, ঘটনার পরপরই ওয়াশিংটনের মেয়র মিউরিয়েল বাউজার ও পুলিশ প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সবাই সুরক্ষিত ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জানান, হামলাকারীকে দ্রুত আটক করা হয়েছে এবং তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প কিংবা জেডি ভ্যান্সের কোনো ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।