টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

হলিউড অভিনেতা টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে ইথান হান্ট চরিত্রে দীর্ঘ যাত্রা শেষ করেছেন চলতি বছরের মে মাসে। এরপর তিনি শুরু করেছেন নতুন অধ্যায়। মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর সিনেমা ‘ডিগার’-এ অভিনয় করছেন টম ক্রুজ। এ ছবিতে তাঁকে কমেডি ঘরানার একটি চরিত্রে দেখা যেতে পারে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির শিরোনাম, পোস্টার ও টিজার। ওয়ার্নার ব্রস ও লিজেন্ডারি প্রযোজিত ‘ডিগার’ মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর।

ছবির গল্পের বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে ওয়ার্নার ব্রসের প্রকাশিত সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, ‘ডিগার রকওয়েল’ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। নিজের ছড়িয়ে দেওয়া এক ভয়াবহ বিপর্যয় সবকিছু ধ্বংস করে দেওয়ার আগেই নিজেকে মানবজাতির ‘ত্রাতা’ হিসেবে প্রমাণ করতে মরিয়া এক অভিযানে নামেন তিনি।

‘ডিগার’ দিয়ে আবারও ইংরেজি ভাষার পূর্ণদৈর্ঘ্য ছবিতে ফিরছেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। ‘দ্য রেভেন্যান্ট’-এর পর এটিই তাঁর প্রথম ইংরেজি ভাষার সিনেমা। ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইনারিতু। সহ-প্রযোজক হিসেবে আছেন টম ক্রুজ নিজেও।

ছবিটির শুটিং যুক্তরাজ্যে ছয় মাস ধরে হয়েছে। টম ক্রুজের সঙ্গে অভিনয় করেছেন সান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুলবার্গ, জেসি প্লেমন্স, সোফি ওয়াইল্ড, রিজ আহমেদ ও এমা ডার্সি প্রমুখ।

সূত্র: ভ্যারাইটি

All Categories