টিসিবির তালিকার সঙ্গে বাজারদরের সঙ্গতি: ২৪ পণ্যের মূল্য বিশ্লেষণ

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশেন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রকাশ করেছে। শুক্রবার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় ৫৫টি পণ্যের দাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ২৪টি পণ্যের দাম বিশ্লেষণ করে দেখা গেছে, এক বছরের ব্যবধানে ১৫টির দাম বেড়েছে, ৬টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

কিন্তু কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে পরিদর্শন করে দেখা গেছে, দাম বাড়া ও কমার তালিকায় থাকা কিছু পণ্যের দাম টিসিবির নির্ধারিত দামের চেয়ে বেশি দিতে হচ্ছে।

টিসিবি জানায়, তারা মোহাম্মদপুর কৃষি মার্কেট, কারওয়ান বাজার, মহাখালী ও রামপুরা বাজারের পণ্যের দামের ভিত্তিতে বাজারমূল্যের তালিকা তৈরি করেছে। তাদের তথ্যে পণ্যের একাধিক ক্যাটাগরি রয়েছে, যার ভিত্তিতে দাম নির্ধারণ করা হয়েছে।

টিসিবির তথ্যমতে, ব্রয়লার মুরগির দাম এক বছরের ব্যবধানে ৭ শতাংশ বেড়ে বর্তমানে কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মোহাম্মদপুর কৃষি মার্কেটে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম ১৯০ থেকে ২০০ টাকা। গলির দোকান থেকে কিনতে হলে আরও ৫ টাকা বেশি দিতে হচ্ছে।

এদিকে, খুচরায় সোনালী মুরগির দাম ৩৪০ টাকা, যা গত তিন সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে। কারওয়ান বাজারে ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে ১০ থেকে ১৫ টাকায় কম পাওয়া যাচ্ছে।

দেশি মুরগির দাম ব্রয়লারের তুলনায় আরও বেশি বেড়েছে। টিসিবির হিসাবে, দেশি মুরগির দাম বর্তমানে কেজিপ্রতি ৬০০ থেকে ৭৫০ টাকা, যা এক বছর আগে ছিল ৫৫০ থেকে ৭০০ টাকা।

টিসিবি জানায়, এক বছর আগে গরুর মাংসের দাম ছিল ৭৫০ থেকে ৮০০ টাকা, যা ৫ দশমিক ১৬ শতাংশ বেড়ে বর্তমানে ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ও মহল্লার দোকানেও একই দামে গরুর মাংস বিক্রি হচ্ছে।

ফার্মের ডিমের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি হালি (চারটি) ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক বছর আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা। বাজারে এক হালি লাল ডিমের দাম ৫৫ টাকা, যদিও প্রতিটি লাল ডিমের দাম ১৫০ থেকে ১৫৫ টাকায় স্থির রয়েছে। সাদা ডিমের ডজন ১৪০ টাকায় পাওয়া যাচ্ছে গত এক মাস ধরে।

All Categories