তিন মাস নতুন শুল্ক প্রস্তাব স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এই তিন মাসের মধ্যে রফতানি খাতকে পুনর্জীবিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।

শফিকুল আলম জানান, চিঠিতে আরও বলা হয়েছে বাংলাদেশ চায়, যুক্তরাষ্ট্রের তুলা দ্রুত বাংলাদেশের বাজারে প্রবেশ করুক। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে রোববার (৬ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কনীতি পরিবর্তনের পর সরকারের পক্ষ থেকে দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একটি চিঠি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে প্রধান উপদেষ্টা পাঠাবেন এবং অন্যটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর)-এর কাছে পাঠাবেন বাণিজ্য উপদেষ্টা।

All Categories