থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতি আলোচনায় সম্মত: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত সংঘাত থামাতে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতিতে একমত হয়েছেন দুই দেশের নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ভূমিথাম ভেচাইয়াচাইয়ের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন। দুই পক্ষকে সতর্ক করে তিনি বলেন, সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্র তাদের কারও সঙ্গেই বাণিজ্য চুক্তি করবে না।

ভূমিথাম ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে রাজি। তবে আমরা কম্বোডিয়ার পক্ষ থেকে আন্তরিকতা দেখতে চাই।

তিনি জানান, ট্রাম্পকে অনুরোধ করা হয়েছে যেন তিনি কম্বোডিয়ার নেতাকে জানান থাইল্যান্ড দ্রুত দ্বিপক্ষীয় আলোচনায় বসতে চায়। এর মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ ও কাঠামো নির্ধারণ সম্ভব হবে।

রয়টার্স জানায়, এই সংঘাত গত ১৩ বছরে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সবচেয়ে ভয়াবহ। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

ট্রাম্পের মধ্যস্থতার আগেই সংঘর্ষ তৃতীয় দিনে গড়ায়। নতুন নতুন এলাকায় গোলাগুলি ছড়িয়ে পড়ে। উভয় দেশই দাবি করে, তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছে এবং অপর পক্ষকে আলোচনার আহ্বান জানাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মুখপাত্র ফারহান হক বলেন, উভয় পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন গুতেরেস। একই সঙ্গে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ ও নিন্দা জানান তিনি।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত তাদের সাত সেনা ও ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার তথ্যমতে, তাদের পাঁচ সেনা ও আট বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত মে মাসের শেষ দিকে সীমান্তে এক কম্বোডীয় সৈনিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশ উত্তেজনায় জড়িয়ে পড়ে। এরপর উভয় দেশ সীমান্তে সেনা মোতায়েন করে। সংকটটি থাইল্যান্ডের দুর্বল জোট সরকারকেও রাজনৈতিক চাপের মুখে ফেলে।

যদিও দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক আলোচনার সময় ও স্থান নির্ধারণ হয়নি। হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটনের থাই ও কম্বোডীয় দূতাবাস কোনো পক্ষই এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

All Categories