টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন শান্ত
টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাঁহাতি এই ব্যাটার। সিরিজ হেরে মাঠ ছাড়ার পর নিজের সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট ভাষায় বলেন, ‘টেস্টে আমি আর অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে চাই না।
শান্ত জানান, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দলের স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন।‘আমি মনে করি, এই সিদ্ধান্ত দলকে সহায়তা করবে। ড্রেসিংরুমে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকা আদর্শ নয়,’ বলেন শান্ত।
তিনি আরও যোগ করেন, ‘আমি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাব, কিন্তু আমার দিক থেকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটি একেবারে স্পষ্ট। আমি হতাশ নই। এটা আবেগের সিদ্ধান্তও নয়।
শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি হঠাৎ ওয়ানডে দলের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজকে। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে আছেন লিটন দাস। সবশেষ টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিলেন শান্ত। বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সিদ্ধান্তেই এ রদবদল এসেছে বলে কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে।
এরপরই শান্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি জানান, কয়েক দিন আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে এ বিষয়ে জানিয়েছেন তিনি।
২০২৩ সালের নভেম্বরে টেস্ট দলের অধিনায়ক হন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলেছে, যার মধ্যে জয় ৪টিতে, ড্র ১টি। বাকি ৯টি ম্যাচে হেরেছে দল।