তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, পালাল দুই মোটরসাইকেল আরোহী

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

পুলিশের তথ্য অনুযায়ী, দুই মোটরসাইকেল আরোহী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে আচমকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। পরে রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট তা নিস্ক্রিয় করে।

এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান রাতের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন এবং আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর তারা দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন।

দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

All Categories