তাসনিম জারার পক্ষে যা বললেন শবনম ফারিয়া
অশ্লীলতা ছড়ানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অনেকে নোটিশের পক্ষে মত দিলেও বিপক্ষেও উঠেছে নানা প্রশ্ন। এ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ডা. তাসনিম জারাকে সমর্থন জানিয়ে শবনম ফারিয়া লিখেছেন, যখন সরকার বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার দিকে মনোযোগ দিতে শুরু করেছে, তখন আপনি কীভাবে এমন একটি মেয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাতে পারেন, যে মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছে?
ফারিয়া আরও লেখেন, এই সেই মেয়ে, যিনি আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে দেশের জন্য কাজ করছেন যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন, জ্ঞানী এবং সুস্থ করে গড়ে তোলা যায়। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?
প্রতিবাদ জানাতে গিয়ে ক্ষোভও প্রকাশ করেন এ অভিনেত্রী। তিনি বলেন, আমাদের দেশের সবচেয়ে মেধাবী মানুষদের অনেকেই ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে এই দেশ মূর্খদের ভূমিতে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন না। তাদের আপনার পরবর্তী ঠাট্টার পাত্রে পরিণত করবেন না।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব স্বপ্রণোদিত হয়ে ডা. জাহাঙ্গির কবির ও ডা. তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান। অভিযোগ, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন চিকিৎসা–সংক্রান্ত পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধের প্রচার ও বিক্রি করছেন, যা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে।
এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন অনেকে।