টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা
টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ হামলা চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কবি নজরুল সরণিতে অবস্থিত ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’-এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত মুখোশ ও হেলমেট পরে সেখানে হামলা চালায়। তারা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে মই বেয়ে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
টাঙ্গাইল থানার ওসি তানবীর আহমেদ বলেন, “পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে আজ রোববার কাদের সিদ্দিকীর নির্বাচনী এলাকা বাসাইলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ আয়োজন করা হয়েছিল। একই সময় একই স্থানে ‘ছাত্র সমাজ’-এর পক্ষ থেকেও সমাবেশ ডাকা হয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহীদ মিনার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।