টাঙ্গাইলে মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, যা বললেন নাট্যজন

দেশের খ্যাতনামা নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকার পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের হানা ঘটেছে। এ সময় বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি ও ওয়্যারড্রোবের জিনিসপত্র তছনছ করা হয়। মামুনুর রশীদের বোন আফিয়া খান সোমবার (১২ অক্টোবর) টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

আফিয়া খান জানান, ‘আমি থানায় অভিযোগ দিয়েছি। ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। টাঙ্গাইলে ফিরে থানায় গিয়েছি। আমার বাবা-মায়ের খুবই প্রিয় এই বাড়িটি। মানসিকভাবে আমি অসুস্থ হয়ে গেছি। আমার ভাই ওসি সাহেবের সঙ্গে কথা বলেছেন। আমাদের এখানে তিনটি স্টিলের আলমারি, একটি কাঠের ওয়্যারড্রোব এবং একটি ফাইল ক্যাবিনেট রয়েছে। কী চুরি হয়েছে সেটা বুঝতে সময় লাগবে। আমি অসুস্থ হয়ে পড়েছি।’

তিনি আরও বলেন, ‘এরা আমাকে অনেক ক্ষতি করেছে। আমি ভিডিও পাঠালে দেখবেন।’

এ বিষয়ে নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘দুর্বৃত্তরা আমার বাসার আলমারি, ফাইল ক্যাবিনেট ভেঙে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমার মা (প্রয়াত) সেখানে থাকতেন। চুরি হয়েছে শুনেছি, তবে আমার বোনেরা এখনও ঠিক কী কী চুরি হয়েছে তা বের করতে পারছে না। কী ছিল, কী নেই- সেটা বের করতে একটু সময় লাগবে।’

ঘটনাটি গত শনিবার (১০ অক্টোবর) ঘটেছে। টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকায় এ ঘটনা ঘটে। কয়েক দিন আগে আফিয়া খান ঢাকায় যাওয়ার সময় তার পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল। পরে ওইদিন বিকেল পাঁচটার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। তিনি কক্ষের ভেতরে ঢুকে মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান। এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা দেখতে পান। আলমারিগুলোতে ৯ ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আফিয়া খান বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

All Categories