টালিউডে অভিনেতা অনির্বাণকে বয়কটের ডাক

দুই বাংলার জনপ্রিয় মুখ অনির্বাণ ভট্টাচার্য। বহুদিন ধরে অভিনয়, গান ও চলচ্চিত্র নির্মাণে নিজেকে ব্যস্ত রেখেছেন এই গুণী শিল্পী। তবে এবার তাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। টালিউডে উঠেছে অনির্বাণকে বয়কটের ডাক।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, টালিউডের একাধিক টেকনিশিয়ান অনির্বাণের সঙ্গে আর কোনো কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা প্রযোজনা সংস্থা এসভিএফকে জানিয়েও দিয়েছেন সে কথা।

বিতর্কের সূত্রপাত এসভিএফ প্রযোজিত অনির্বাণের ব্যান্ড ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিও ঘিরে। এই ব্যান্ডের তৃতীয় মিউজিক ভিডিওর শুটিং হওয়ার কথা ছিল বুধবার (১৪ মে)। তবে শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেছে।

গত ১৩ মে টেকনিশিয়ানদের পক্ষ থেকে এসভিএফকে জানিয়ে দেওয়া হয়, অনির্বাণের সঙ্গে তারা আর কাজ করবেন না। ফলে শুটিংও বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, শোনা যাচ্ছিল দেব অভিনীত আসন্ন টালিউড ছবি ‘রঘু ডাকাত’-এ দেখা যাবে অনির্বাণকে। তবে সাম্প্রতিক এই পরিস্থিতি সিনেমাটিতেও তার অংশগ্রহণ অনিশ্চিত করে তুলেছে।

এই বিষয়ে অনির্বাণ বা এসভিএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে টালিউডে অভিনেতাকে ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

All Categories