মেনোপজের পর ঠোঁটের শুষ্কতা রোধে বিশেষ যত্ন প্রয়োজন

বয়স বাড়ার সঙ্গে শরীরের হরমোনের পরিবর্তন ঠোঁটের আর্দ্রতা ও কোমলতা কমিয়ে দেয়। বিশেষ করে শীতের শুষ্ক আবহাওয়ায় এই সমস্যা বেশি দেখা দেয়।

ঠোঁটের চামড়া শরীরের অন্য অংশের চেয়ে অনেক পাতলা এবং তাতে তেলগ্রন্থি না থাকার কারণে শুষ্ক বাতাসে দ্রুতই আর্দ্রতা হারায়। ফলে ঠোঁট রুক্ষ, বিবর্ণ ও নিষ্প্রাণ মনে হয়।

মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের হ্রাস ঠোঁটের স্বাভাবিক কোমলতা ও উজ্জ্বলতা কমায়। ঢাকার ‘বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার’-এর প্রধান শারমিন কচি জানান, ইস্ট্রোজেন কমে গেলে ত্বকের স্থিতিস্থাপকতা ও কোলাজেনের পরিমাণ কমে যায়, যা ঠোঁটের সূক্ষ্ম রেখাগুলোকে স্পষ্ট করে এবং রঙ ফিকে করে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. হ্যাডলি কিং বলেন, ইস্ট্রোজেন শরীরে প্রাকৃতিক তেল তৈরি ও আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, তাই হরমোনের ঘাটতি ঠোঁট ও ত্বকের শুষ্কতা বাড়ায়। ঠোঁট শুকিয়ে গেলে অনেকেই জিহ্বা দিয়ে ভেজানোর চেষ্টা করেন, যা সাময়িক আরাম দেয় কিন্তু পরে আরও রুক্ষতা বাড়ায়।

শারমিন কচি পরামর্শ দেন, ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে শিয়া বাটার ও নারিকেল তেল সমৃদ্ধ লিপ বাম ব্যবহার করা উচিত। ‘আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি’ অনুযায়ী, শুষ্ক ঠোঁটের জন্য সেরামাইডস, ডাইমেথিকোন, পেট্রোলিয়াম জেলি বা ক্যাস্টর অয়েলযুক্ত পণ্য কার্যকর। তবে মেন্থল, কর্পূর ও অতিরিক্ত সুগন্ধিযুক্ত প্রসাধনী ঠোঁটে জ্বালা ও শুষ্কতা বাড়াতে পারে, তাই এড়িয়ে চলা উচিত।

ঠোঁটের সূক্ষ্ম রেখা কমাতে হায়ালুরোনিক অ্যাসিড ও পেপটাইডযুক্ত প্রসাধনী ব্যবহার উপকারী। কানেকটিকাটের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মোনা গোহারা বলেন, হায়ালুরোনিক অ্যাসিড আর্দ্রতা টেনে ঠোঁটকে ভেতর থেকে পূর্ণ ও সতেজ রাখে।

শারমিন কচি আরও বলেন, শুষ্ক ঠোঁটে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হালকা চকচকে লিপ অয়েল বা স্বচ্ছ গ্লস ব্যবহার করা ভালো, তবে অতিরিক্ত ঝাঁঝালো লিপ প্লাম্পার এড়িয়ে চলা উচিত।

দিনে বাইরে গেলে চোখ রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করতে এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিনযুক্ত লিপ বাম লাগানো জরুরি। রাতে ঘুমানোর আগে ঠোঁট পরিষ্কার করে ঘন লিপ মাস্ক বা পেট্রোলিয়াম জেলি মেখে রাখলে আর্দ্রতা বজায় থাকে এবং সকালে ঠোঁট কোমল লাগে।

শুষ্ক ঠোঁটে সরাসরি ম্যাট লিপস্টিক লাগালে ঠোঁটের ভাঁজ ও খসখসে ভাব বৃদ্ধি পায়, তাই আগে ঠোঁট ময়েশ্চারাইজ করে ক্রিম-ভিত্তিক বা হাইড্রেইটিং লিপস্টিক ব্যবহার করা উচিত। লিপস্টিকের ওপর পাতলা স্বচ্ছ লিপ অয়েলও ব্যবহার করা যেতে পারে।

ঠোঁটের সুস্থতার জন্য পর্যাপ্ত পানি পান অপরিহার্য। মরা চামড়া উঠলে নখ বা দাঁত দিয়ে না তোলা ভালো, কারণ এতে রক্তপাত ও সংক্রমণ হতে পারে। নিয়মিত যত্নেও যদি ঠোঁট ফেটে যায় বা দীর্ঘদিন ঘা থেকে যায়, তখন দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

All Categories