শীতে গরম পানিতে লেবু-মধুর উপকারিতা ও বিভ্রান্তি

শীতকাল শুরু হতেই সকালের সময় গরম পানিতে লেবু বা মধু মিশিয়ে পান করার প্রবণতা বৃদ্ধি পায়। অনেকেই মনে করেন, এই পানীয় শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি উন্নত করে এবং দ্রুত ওজন কমাতে সাহায্য করে। এছাড়া সর্দি-কাশি ও গলাব্যথায় গরম পানিতে মধু দিয়ে পান করা জনপ্রিয়।

কিন্তু এসব ধারণার বৈজ্ঞানিক সত্যতা কতটুকু? গরম পানি শরীরের জন্য অতিরিক্ত কোনও উপকার দেয় কি? শীতের দিনে গরম পানি পান করলে গলা আরাম পায় এবং শরীরের জলীয় চাহিদা পূরণ হয়। যারা শীতকালে কম পানি পান করেন, তাদের জন্য এটি একটি ভালো অভ্যাস। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম, রক্ত সঞ্চালন ও বৃক্কের কার্যক্রমের জন্য পর্যাপ্ত পানি অপরিহার্য। তবে গরম পানির তুলনায় সাধারণ তাপমাত্রার পানির থেকে বিশেষ সুবিধা পাওয়ার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকলেও খালি পেটে লেবু-পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে—এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই। দিনে যেকোন সময় লেবু খেলে একই ভিটামিন পাওয়া যায়। লেবু-পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে বা হজম শক্তি বাড়ায়—এমন ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। শরীরের বর্জ্য অপসারণ লিভার ও কিডনি স্বাভাবিকভাবেই করে থাকে, আর পর্যাপ্ত পানি এই অঙ্গগুলোর কার্যক্রম সুস্থ রাখে।

সর্দি-কাশি ও গলাব্যথায় মধুর কার্যকারিতা রয়েছে। গরম পানিতে মধু মিশিয়ে পান করলে গলার অস্বস্তি কমে এবং কাশির তীব্রতা ও ঘনত্ব হ্রাস পায়। ২০২০ সালের ‘বিএমজে এভিডেন্স বেইজড মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা অনুসারে, শ্বাসতন্ত্রের সংক্রমণে মধু উপশমে সাহায্য করে, বিশেষ করে শিশুদের কাশি কমাতে কার্যকর। তবে মধু সংক্রমণের কারণ ভাইরাস ধ্বংস করতে পারে না।

গরম পানি, লেবু ও মধুর সমন্বয়ে শরীরের চর্বি কমে বা বিপাকক্রিয়া বাড়ে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। লেবু বা গরম পানির নিজস্ব কোনও চর্বি পোড়ানোর ক্ষমতা নেই। তবে চিনিযুক্ত পানীয়ের বদলে লেবু-পানি পান করলে ক্যালরি গ্রহণ কমে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে মধু যোগ করলে ক্যালরি ও শর্করার পরিমাণ বেড়ে যায়।

শিশুদের ক্ষেত্রে এক বছরের বেশি বয়সে অল্প পরিমাণে মধু দেওয়া যায়, কিন্তু এক বছরের কম বয়সি শিশুকে মধু দেওয়া নিষেধ, কারণ এটি ‘ইনফ্যান্ট বটুলিজম’ নামে প্রাণঘাতী রোগের ঝুঁকি সৃষ্টি করে। ডায়াবেটিস রোগীদের জন্য মধু ব্যবহারে সতর্কতা প্রয়োজন, কারণ এটি রক্তের গ্লুকোজ বাড়াতে পারে। গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির সমস্যা থাকলে লেবুর অম্লত্ব বুকজ্বালা বাড়াতে পারে, এছাড়া অতিরিক্ত গরম পানি পান করাও উচিত নয়। কিডনি ও হৃদরোগে তরল গ্রহণ সীমাবদ্ধ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।

সার্বিকভাবে, শীতে কুসুম গরম পানি পান শরীরের জলীয় চাহিদা পূরণে সহায়ক এবং আরামদায়ক। লেবু থেকে ভিটামিন সি ও মধু থেকে সাময়িক কাশি উপশম পাওয়া গেলেও এগুলো শরীর পরিষ্কারক বা রোগ প্রতিরোধের নিশ্চয়তা নয়, কিংবা ওজন কমানোর জাদুকরি পানীয় নয়। সুস্থ থাকার জন্য সুষম আহার, পর্যাপ্ত পানি, নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য।

লেখক: পুষ্টিবিদ লিনা আকতার, রাইয়ান হেলথ কেয়ার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর।

All Categories