তেল লাগানোর সঠিক সময়: গোসলের আগে না পরে?
ত্বকের যত্নে তেলের ব্যবহার বহুদিন ধরে প্রচলিত। বিশেষ করে শীতে ত্বকের রুক্ষতা কমাতে তেলের বিকল্প কমই আছে। বাজারে বিভিন্ন ধরনের প্রসাধনী থাকলেও তেল ত্বকের যত্নে আলাদা গুরুত্ব পেয়েছে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেল শুধু ত্বকে লাগানোই যথেষ্ট নয়, ভালোভাবে মালিশ করাও জরুরি। তেল লাগানোর পর যদি গোসল করা হয়, তাহলে তেলের কার্যকরী উপাদান গুলো শরীর থেকে ধুয়ে যেতে পারে। তবে শুষ্ক ত্বকের ক্ষেত্রে গোসলের পরে তেল লাগানো উচিত, কারণ এতে ত্বকের শুষ্কতা কমে এবং ত্বক নরম থাকে। যারা চর্মরোগে ভুগছেন, তাদের শুকনো ত্বকে তেল লাগিয়ে গোসল করা উচিৎ, কারণ এতে ত্বক নরম থাকে এবং ফাঙ্গাসের বৃদ্ধি রোধ হয়।
নারকেল তেল শুধু চুলের জন্য নয়, ত্বকের জন্যও খুব উপকারী। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ ত্বককে ময়েশ্চারাইজ করে এবং শুষ্কতা থেকে রক্ষা করে। বাদাম তেলে ভিটামিন ‘ই’ থাকার কারণে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং মাথায় ব্যবহার করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো। তিলের তেল শুষ্ক ত্বকের সমস্যা দূর করে এবং সংক্রমণ প্রতিরোধ করে, এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটি খেলে ত্বক মোলায়েম হয়। শীতকালে অলিভ অয়েল ব্যবহারে ত্বক কোমল ও সুরক্ষিত থাকে।
ত্বকে তেল ব্যবহারের ফলাফল একদিনের মধ্যে দেখা যায় না। নিয়মিত তেল ম্যাসাজ করলে সময়ের সঙ্গে সঙ্গে এর সুফল স্পষ্ট হয়। তবে প্রত্যেকের ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত তেল বাছাই করাই সবচেয়ে জরুরি।