জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি আবেদন শুরু হয়েছে।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম।
এই বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তির আয়োজন করা হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন করার শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষা সম্ভাব্য সময় ২০২৭ সালের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে পরীক্ষা হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ, বি, সি ও ডি ইউনিটের জন্য আবেদন ফি ৮০০ টাকা, ই ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি ১ ইউনিট ও আইবিএ-জেইউর জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব ইউনিটের আবেদন ফিতে ১.২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে। আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে।
উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম বলেন, "ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা একটি দলগত কাজ। আশা করি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হবে।" তিনি ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।