আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মির্জা আজমকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিলো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় জামালপুর-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের পলাতক সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে।

সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ আদেশ ঘোষণা করে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় মোট সাতজন আসামি রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গ্রেপ্তার—সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এ দিন তারা ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

প্রসিকিউশন পক্ষে শুনানি করেন কৌঁসুলি আবদুস সাত্তার পালোয়ান ও মার্জিনা রায়হান (মদিনা)। কৌঁসুলি আবদুস সাত্তার পালোয়ান বলেন, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় তাকে খুঁজে পায়নি, এজন্য নন-এক্সিকিউশন রিপোর্ট জমা দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, তাকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ জরুরি।

শুনানির শেষে কৌঁসুলি গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে উচ্চ নেতৃত্বের দায়বদ্ধতায় আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা চলছে। ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং তাদের আদালতে হাজির করা হয়েছে।

মির্জা আজমের বিষয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে জারি ছিল। পুলিশ তাকে না পেয়ে ট্রাইব্যুনালকে প্রতিবেদন দেয়ার পর আদালত সংবাদপত্রে বিজ্ঞপ্তি ছাপানোর নির্দেশ দিয়েছেন।” বিজ্ঞপ্তি প্রকাশের প্রমাণ আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে। যদি তার পক্ষ থেকে হাজিরা না হয়, তাহলে রাষ্ট্রপক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে, যিনি মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে ২ নভেম্বর প্রসিকিউশন সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ৫ নভেম্বর আদালত অভিযোগ গ্রহণ করে তাদের উপস্থিতির নির্দেশ দেয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন দমন করতে ওই নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলন দমনের রাজনৈতিক সিদ্ধান্ত, কারফিউ জারি এবং ‘হত্যাযজ্ঞের’ পরিকল্পনায় তারা জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

All Categories