মাইলি সাইরাসের নতুন সংসার শুরু ম্যাক্স মোরান্ডোর সঙ্গে
মার্কিন পপগায়িকা মাইলি সাইরাস প্রেমিক ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত শনিবার (২১ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিনোদনভিত্তিক পত্রিকা ‘পিপল’ জানিয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস, বোন নোয়া সাইরাস এবং দুই পরিবারের অন্যান্য সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠানের আগের রাতে অতিথিরা এক নৈশভোজে অংশ নেন, যার কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মাইলি ২০২১ সালে পাঁচ বছরের ছোট সংগীতশিল্পী ম্যাক্সের সঙ্গে সম্পর্ক শুরু করেন এবং দীর্ঘদিন প্রেমের পর গত বছর বাগদান সম্পন্ন হয়। এক বছরের মাথায় তারা আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করলেন।
পেশাগত জীবনেও মাইলির সঙ্গে কাজ করেছেন ম্যাক্স। ২০২৩ সালে প্রকাশিত মাইলির অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’-এর প্রযোজক ছিলেন তিনি। পাশাপাশি গায়িকার নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’-এর প্রযোজনাতেও অংশ নিয়েছিলেন ম্যাক্স।
এর আগে মাইলি ২০১৮ সালে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, তবে তাদের বিবাহ এক বছরের মধ্যেই শেষ হয় এবং ২০২০ সালে তারা বিচ্ছেদ করেন।