মাহির পাশে পুয়ের্তো রিকোতে মিথিলা, আগের বছর ছিলেন প্রতিযোগী
গত বছর মিস ইউনিভার্সের প্রতিযোগী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সেরা ৩০-এ জায়গা অর্জন করেছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এবার তিনি পুয়ের্তো রিকো গিয়ে বাংলাদেশের বর্তমান প্রতিযোগী সামিরা খান মাহিকে সমর্থন জানাতে উপস্থিত হয়েছেন। এ জন্য দীর্ঘ ২৪ ঘণ্টার বিমানযাত্রা পাড়ি দিয়েছেন মিথিলা।
ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। তার পাশে দাঁড়াতে মিথিলা সেখানে পৌঁছেছেন।
পুয়ের্তো রিকো পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাহির সঙ্গে দেখা করেন মিথিলা। তাদের আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এবং ১৫ বছরের বন্ধুত্বের স্মৃতিও তুলে ধরেছেন।
মিথিলা তার পোস্টে উল্লেখ করেছেন, দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে বেড়ে ওঠার স্মৃতি এই মুহূর্তকে বিশেষ করেছে। ক্লান্তিকর ২৪ ঘণ্টার যাত্রার পর মাহিকে কাছে পেয়ে জড়িয়ে ধরার অনুভূতি বর্ণনা করা কঠিন।
বন্ধুর সাফল্যে গর্ব প্রকাশ করে মিথিলা লিখেছেন, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে মাহি শুধু নিজের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন। তার পরিশ্রম, আত্মবিশ্বাস ও সততার প্রশংসা করে এই সময় পাশে থাকতে পেরে তিনি আনন্দিত।
এছাড়া মিথিলা সবাইকে আহ্বান জানিয়েছেন মিস ইউনিভার্সের পিপলস চয়েস বিভাগে মাহিকে ভোট দিতে, যাতে সবাই একসঙ্গে তাকে সমর্থন জানাতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন মিথিলা। ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে সেরা ৩০-এ জায়গা করে তা ছিল দেশের প্রথম টপ ৩০ অর্জন।
৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনাল আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হবে।