স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সালমান মুক্তাদিরের প্রতিক্রিয়া: ‘আপনি পুরোপুরি ডিটাচড’
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব থেকে ‘ডিটাচড’ রয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও লুটপাটের ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকার করায় এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি বলছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি। চাইলে নাকি দিতেন। আবার বলছেন যে বিএনপি চাঁদাবাজদের দল। এই ঢালাও অভিযোগের কোনো মানে নেই। যদি তিনি কোনো মামলা করেন, স্পেসিফিক সেটা তদন্ত হবে।’
সালমান মুক্তাদির তার ভিডিও বার্তায় বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনার কাছে একটা বিষয় পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই। পুরো বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সেফটি অ্যান্ড সিকিউরিটি কিন্তু আপনার হাতে। আপনি বলেছেন, মামলা দায়ের করা হয়নি। আপনি কি জানেন, আপনার অধীনে প্রত্যেকটি থানা, প্রত্যেকটি অথরিটি, প্রত্যেকটি প্রশাসন আপনার এক কলের আওতায়। আপনি জানেন না যে মামলা দায়ের করা হয়েছে?’
তিনি আরও বলেন, ‘আপনার এত বড় দায়িত্ব থেকে যখন আপনি এসে বললেন যে মামলা দায়ের কেন করা হয়নি, তখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই—কারণ এই বিষয়টি আপনার অধীনে পড়ে। আমি যে গতকাল চারটা পর্যন্ত আপনার থানাতে বসেছিলাম, কেন মামলা করা হয়নি, এই প্রশ্নটা আপনার কাছে থাকা উচিত।’
সালমান মুক্তাদির বলেন, ‘আপনার হাস্যকর মন্তব্যের মাধ্যমে আপনি সরকারের প্রতিটি বিভাগের গুরুত্বকে ছোট করে ফেলছেন। আমি আপনাকে বলছি, আমি কোনো রাজনৈতিক ইস্যুর অংশ হতে চাই না, আমি এখানে বাংলাদেশের মানুষের জন্য কথা বলছি। আপনি যদি সত্যিই কিছু করতে চান, তাহলে বাংলাদেশের জন্য কিছু করুন।’