শুরু হয়েছে শুটিং, আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৫’
দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন নিয়ে ফিরছেন নির্মাতা কাজল আরেফিন অমি। দীর্ঘ আড়াই বছর পর আবারও শুরু হতে যাচ্ছে এই নাটকের সম্প্রচার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে তিনি এ তথ্য জানান।
পোস্টারটির ক্যাপশনে নির্মাতা লেখেন, দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট।
২০১৭ সালে যাত্রা শুরু করা এই নাটক প্রথমবার প্রচারিত হয় ২০১৮ সালে। তার পর থেকেই তরুণ সমাজের জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিকটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয়।
বিশেষ করে নাটকের চরিত্রগুলো কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরা এমনভাবে জনপ্রিয় হয়ে ওঠে যে তারা অনেকের কাছে বাস্তব জীবনের মানুষের মতো আপন হয়ে যায়।
নাটকের নিয়মিত দর্শকদের মতে, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের হাসি-কান্না, বন্ধুত্ব, সম্পর্ক আর জীবনের নানা বাস্তবতা তুলে ধরা এক জীবন্ত গল্প।
সর্বশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর শেষ পর্ব প্রচারিত হয়। এরপর থেকেই নাটকটির পঞ্চম সিজন নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মাঝে বিভিন্ন গুঞ্জন উঠলেও এবার নির্মাতা নিজেই স্পষ্ট করলেন অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল ও শিমুল।
তবে পঞ্চম সিজনে কারা থাকছেন, গল্পে আসছে কি না নতুন চরিত্র তা জানতে নির্মাতার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।