বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শুভেন্দুর উদ্বেগ, জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন

বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, বাংলাদেশের অস্থিরতা রাজ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। এই ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সোমবার কথা বলবেন তিনি।

কলকাতার পিডব্লিউডি তাঁবুতে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। সেখানে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক এবং আমি উদ্বিগ্ন। এই বিষয়টি আমি আগামীকাল জয়শঙ্করকে জানাব।” তিনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজনীয়তাও তুলে ধরবেন বলেও জানান।

শুভেন্দু অধিকারী দুই বাংলার সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, “পশ্চিমবঙ্গের বহু মানুষের আত্মীয়-স্বজন বাংলাদেশে রয়েছেন। ভাষা, সংস্কৃতি এবং পারিবারিক সম্পর্কের কারণে দুই বাংলার মানুষ নিবিড়ভাবে যুক্ত। তাই বাংলাদেশের অস্থিরতা এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখানে সরাসরি প্রভাব ফেলে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ঘটনা শুধু প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, পশ্চিমবঙ্গের অনেক পরিবারের জন্যও এটি উদ্বেগের কারণ।”

একই সঙ্গে তিনি রাজ্যের সাংবিধানিক সীমাবদ্ধতাও উল্লেখ করে জানান, “পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না।” বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ এখন নজরকাড়া বিষয় বলে রাজনৈতিক মহল মনে করছে।

All Categories