কেরালায় পারদযুক্ত ফেয়ারনেস ক্রিমে কিডনি রোগ, তদন্ত শুরু
ভারতের কেরালায় ফেয়ারনেস ক্রিম ব্যবহারের কারণে ১৭ বছর বয়সী এক কিশোরী কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। ওই ক্রিমে পারদের উচ্চমাত্রা থাকার কারণে তার শরীরে ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ রোগ ধরা পড়েছে।
মালাপ্পুরমের গায়ক সালিম কোডাথুরও একই ধরনের ক্রিম ব্যবহারের পর অসুস্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হতে পারেননি।
কেরালাম সরকার কিশোরীর অসুস্থতার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে এবং স্বাস্থ্য বিভাগ এ ধরনের প্রসাধন সামগ্রী বিক্রির নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী কে মুরালিধরন জানিয়েছেন, ওই কিশোরী অনলাইন থেকে ক্রিমটি কিনে ব্যবহার করেছিল। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, কিশোরীর রক্তে পারদের মাত্রা বিপজ্জনকভাবে বেশি পাওয়া গেছে, যা অনুমোদিত মাত্রার অনেক গুণ।
ভারতের ২০২০ সালের কসমেটিকস বিধিমালা অনুযায়ী, প্রসাধন সামগ্রীতে পারদের মাত্রা প্রতি মিলিয়নে এক পিপিএমের বেশি থাকার অনুমতি নেই। কিন্তু এই ক্রিমে পারদের মাত্রা ছিল ১২ হাজার ৫০০ পিপিএম, যা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করেছে।
‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ কিডনির ক্ষুদ্র ফিল্টার ক্ষতিগ্রস্ত করে, ফলে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন নিঃসরণ হয় এবং শরীরে ফোলাভাব দেখা দেয়। রোগটি গুরুতর হলে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং মিনামাটা কনভেনশনও প্রসাধন সামগ্রীতে পারদের সর্বোচ্চ সীমা ১ পিপিএম নির্ধারণ করেছে। ২০১৮ সালে ভারতও এই আন্তর্জাতিক চুক্তিতে যোগ দিয়েছিল। তবে অনলাইন বাজারে এখনও এ ধরনের বিপজ্জনক পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।