ট্রাম্পের যোগাযোগে সাড়া দেয়নি কিম, বাড়িয়েছে সামরিক শক্তি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বারবার যোগাযোগের প্রয়াস উপেক্ষা করে সামরিক সক্ষমতা বাড়িয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক প্রতিবেদনে দুই দেশের নতুন কূটনৈতিক উত্তেজনার কাহিনী তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও উত্তর কোরিয়ার কেউ সাড়া দেননি।
এরপর ট্রাম্প একটি চিঠি পাঠানোর পরিকল্পনা নেন, যা নিউ ইয়র্কের জাতিসংঘে অবস্থিত উত্তর কোরীয় মিশনের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ওই চিঠি উত্তর কোরিয়ার কূটনীতিক খুলে না দেখে মার্কিন প্রতিনিধির কাছে ফেরত দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়, যেখানে মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র পরিত্যাগ। কিন্তু বর্তমানে কিম এ বিষয়ে কোনও আগ্রহ প্রকাশ করছেন না এবং সম্পর্ক পুনঃস্থাপনেও অনিচ্ছুক বলে মনে করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ট্রাম্প সাম্প্রতিক এশিয়া সফরে কিমের সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলেন, কিন্তু কিমের শর্তাবলী যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি। ২০১৯ সালের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে প্রায় ৬০টি পৌঁছেছে এবং তারা যুক্তরাষ্ট্রে হামলা সক্ষম সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে।