কোয়ান্টাম প্রযুক্তিতে আঞ্চলিক কেন্দ্রে পরিণত হচ্ছে কাতার
কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কাতার। দেশটি শক্তিশালী গবেষণা সুবিধা এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য পূরণে দ্রুত এগিয়ে চলেছে। ডিজিটাল রূপান্তর কর্মসূচির মাধ্যমে উন্নত বৈজ্ঞানিক উদ্ভাবনগুলো বাণিজ্যিকভাবে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে।
ইনভেস্ট কাতার-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কাতার কোয়ান্টাম প্রযুক্তির আঞ্চলিক কেন্দ্র হিসেবে নিজেকে গড়ে তুলছে। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, আর্থিক পরিষেবা, শিল্প অপ্টিমাইজেশন, প্রিসিশন মেডিসিন ও গবেষণা-উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
দেশটি প্রযুক্তির পরীক্ষামূলক পর্যায় ছাড়িয়ে এর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। ১০ বছরে ১ বিলিয়ন ডলারের ‘কোয়ান্টিনুয়াম’ অংশীদারিত্বের মাধ্যমে জ্বালানি ও উন্নত উপকরণ গবেষণায় গুরুত্ব দেয়া হবে। এছাড়া, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনের বিশাল পরিমাণ কাতারের জন্য নতুন প্রযুক্তি প্রয়োগের আদর্শ ক্ষেত্র তৈরি করেছে।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাতারের জিনোমিক্স ও প্রিসিশন মেডিসিনে অগ্রগতি লক্ষ্যনীয়। কাতার প্রিসিশন হেলথ ইনস্টিটিউট ও কাতার বায়োব্যাংক ব্যক্তিগতকৃত চিকিৎসায় সহায়ক তথ্য সরবরাহ করছে। আর্থিক খাতে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির ৩ বিলিয়ন ডলারের ‘ফান্ড-অফ-ফান্ডস’ প্রোগ্রাম ও রেগুলেটরি স্যান্ডবক্স উদীয়মান প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কোয়ান্টাম কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন প্রযুক্তির বিকাশে কাতারের জাতীয় কৌশল ও উন্নত কম্পিউটিং অবকাঠামো ভূমিকা রাখবে। দেশটিতে বর্তমানে ২০টির বেশি গবেষণা কেন্দ্র ও ৩৫টি অনুমোদিত গবেষণা কার্যালয় রয়েছে, যা ২০৩০ সালের মধ্যে জিডিপির ১.৫ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যয় বাড়ানোর পরিকল্পনার অংশ।
এই সব উদ্যোগ কাতারের জাতীয় রূপকল্প ২০৩০ ও তৃতীয় জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল এজেন্ডা ২০৩০-এর মাধ্যমে উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং কর্মসূচি চালু করার মাধ্যমে কোয়ান্টাম প্রযুক্তিতে দেশটির অবস্থান আরও দৃঢ় হবে। বিনিয়োগ, গবেষণা ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে কাতার নিজেকে প্রযুক্তি ও উদ্ভাবনের জন্য একটি আকর্ষণীয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে।