বারডেমে আধুনিক প্রযুক্তি ও নতুন চিকিৎসাসেবা চালুর প্রতিশ্রুতি

বারডেম অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চিকিৎসায় আধুনিক প্রযুক্তি সংযোজন এবং নতুন সেবা চালু করে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

রবিবার বারডেম জেনারেল হাসপাতালের মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা প্রতিষ্ঠানটির সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন। তিনি বলেন, "ডায়াবেটিসের পাশাপাশি ক্যানসার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নতুন সেবা চালু করার মাধ্যমে বারডেম তার চিকিৎসার মান উন্নত করবে।" তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে অ্যাসোসিয়েশন সদস্যরা মিলেমিশে প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারডেমের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাসির উদ্দিন আহমেদ (অব.)। তিনি হাসপাতালের আধুনিকায়ন, প্রশাসনিক গতিশীলতা ও সেবামূলক কার্যক্রম উন্নয়নে কর্মকর্তাদের সহযোগিতার ওপর জোর দেন এবং অ্যাসোসিয়েশনের উন্নতির জন্য শুভকামনা জানান।

সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোর্শেদ উদ্দীন আকন্দ, সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল ইসলামসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে গত বছরের সাংগঠনিক কার্যক্রম ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে সদস্যদের মতামতের ভিত্তিতে অনুমোদন করা হয়। এছাড়া আগামী দিনের কর্মপরিকল্পনা এবং কর্মকর্তাদের কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

শেষ পর্যায়ে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

All Categories