সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবসমাজ ও পরিবেশব্যবস্থার (ইকো সিস্টেম) সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহর সৃষ্টির যথাযথ যত্ন ও পরিচর্যা করা মানুষের দায়িত্ব।
বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বক্তব্যে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’
এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নদী-নালা, গাছপালা, কীটপতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ মানুষের চারপাশের পরিবেশ ও প্রতিবেশ সবই আল্লাহর সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য।
তবে এসব সৃষ্টির সুফল ভোগ করতে হলে মানুষেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যথানিয়মে আল্লাহর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব।’
বিজ্ঞানের অগ্রগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে এটি প্রতিষ্ঠিত সত্য যে পরিবেশব্যবস্থার সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর। ইকো সিস্টেমের সুরক্ষা, সংরক্ষণ ও বিকাশের ওপরই মানুষের নিরাপদ জীবন ও টেকসই ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল।
তিনি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।