সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, মৃত্যু অন্তত ১ হাজার

আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই গ্রামে একজন বাদে আর কেউ বেঁচে নেই।

সোমবার (১ সেপ্টেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, দারফুরের মারা মাউন্টেইনস এলাকায় এই ভূমিধস ঘটে। সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পর গত রবিবার পাহাড় ধসে গ্রামটি মাটির সঙ্গে মিশে যায়।

দলটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নুর এক বিবৃতিতে জানান, গ্রামটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। নিহতদের মৃতদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সহায়তা চাওয়া হয়েছে।

এদিকে উত্তর দারফুরে দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সেই সংঘাত থেকে বাঁচতে বহু মানুষ মারা মাউন্টেইনস এলাকায় আশ্রয় নিয়েছিলেন। এখন সেখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

গত দুই বছর ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। এতে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন। লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার মুখে রয়েছে। এই দুর্যোগ পরিস্থিতিতে তা আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

সূত্র: আল জাজিরা ও সিএনএন।

All Categories