সড়কে দোকান বসাতে মানা করায় ‘বিএনপি নেতা’র মারধর, যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে সড়কে রিকশা-ভ্যানে দোকান বসাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নিজেকে বিএনপি নেতা পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। মারধরের পর অসুস্থ হয়ে ওই যুবদল নেতা মারা গেছেন।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চান্দগাঁও থানার ওমর আলী মাতবর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম ফজল আমিন। তিনি চট্টগ্রাম নগরের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। তার বুকে আগেই ওপেন হার্ট সার্জারি করা ছিল বলে জানিয়েছে তার পরিবার।এ ঘটনায় শুক্রবার রাতে ফজল আমিনের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন। তিনি বলেন, মামলায় নিজেকে বিএনপি নেতা পরিচয় দেওয়া মো. শাহজাহানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আরো কয়েকজনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে ফজল আমিনের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।মৃত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত শাহজাহান ওই এলাকায় সড়কে রিকশা-ভ্যানে দোকান বসিয়ে নিয়মিত চাঁদাবাজি করেন। সম্প্রতি এলাকাবাসী বৈঠক করে স্থানীয় একটি স্কুলের সামনে এ ধরনের দোকান না বসানোর সিদ্ধান্ত নেয়। তবে শুক্রবার দুপুরে ওই সিদ্ধান্তের তোয়াক্কা না করে আবার স্কুলের সামনে ভ্যান বসানো হয়।

ওসি জসিম বলেন, রিকশা-ভ্যান বসানোকে কেন্দ্র করে ফজল আমিনকে ধাক্কা দেওয়ার পর অসুস্থ বোধ করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।তার আগে থেকেই কোনো শারীরিক জটিলতা বা অসুস্থতা ছিল। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মৃত ফজল আমিন সম্পর্কে নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ বলেন, ফজল আমিন আমাদের সংগঠনের ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওমর আলী মাতবর রোডে রিকশা-ভ্যান বসানো নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধের খবর পেয়েছি। অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় বিষয় এখানে অপরাধ সংগঠিত হয়েছে। অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে হবে।

All Categories